চট্টগ্রামের পুলিশ ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানকে ধরতে টানা অভিযান চালাচ্ছে। এরই মধ্যে পুলিশকে ফোন করে এবার আত্মসমর্পণের করে ‘ভালো হওয়ার’ কথা শুনিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেইসবুকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে কথোপকথনের একটি অডিও পোস্ট করে আত্মসমর্পণের ইঙ্গিত দেন রায়হান। পুলিশ কর্মকর্তা তারেক আজিজের প্রশংসা করে রায়হান লেখেন, ‘স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সাথে কথা বলে একটু ভালো লাগছে। দেখা যাক উনার হাত ধরে ভেতরে গিয়ে ভালো হয়ে যাব।’
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করে প্রায় ১০ মিনিট কথা বলেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান। ফোনালাপে রায়হানকে আত্মসমর্পণে আগ্রহ, নিরাপত্তা, ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও মামলার আশঙ্কার কথা বলতে শোনা যায়।
আগেও রায়হান আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন বলে জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু মাঝখানে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেননি।
পুলিশ কর্মকর্তা তাঁকে আশ্বস্ত করে বলেন, তাঁর বিরুদ্ধে আগে থেকে থাকা মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলায় জড়ানো হবে না। নিরাপদে আত্মসমর্পণের ব্যবস্থাও করা হবে। একইসঙ্গে ওইদিনই পুলিশের কাছে আসার জন্য তাঁকে কয়েকবার অনুরোধ করেন।
কথোপকথনের অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে রায়হানকে ‘খুনসুঁটি’ করে কথা বলতে শোনা যায়। আবার আত্মসমর্পণের জন্য নিজেকে প্রস্তুত করার কথাও বলতে শোনা যায়। পুলিশ কর্মকর্তা তারেক আজিজ ফোনালাপে রায়হানকে আত্মসমর্পণের অনুরোধ জানান।
তখন রায়হান বলেন, ‘আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি চিন্তা করে দেখব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমিও চাই। ভালো হয়ে যাব। একটু সময় লাগতেছে…।’ তিনি বলেন, ‘আত্মসমর্পণ করব ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার। কিন্তু মাঝখানে আমি আত্মসমর্পণ করতে চাইছিলাম। কিন্তু ওই মাসুদ স্যারের সাথে কথা বলছিলাম যে…এটা লিক হয়ে গেছে। পরে ভাই আমার থেকে আর্মস টার্সন নিয়ে ফেলেছিল। ঝামেলা হইছে আমার সাথে অনেক।’
এ সময় রায়হানকে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ‘আপনি যতদিন বাইরে থাকবেন, আপনার কষ্ট হবে। আপনি আসেন, আপনি আত্মসমর্পণ করেন।’ জবাবে রায়হান বলেন, ‘প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট।’
পুলিশ কর্মকর্তা বলেন, ‘এইজন্য বললাম, আপনি আসেন, আপনি আত্মসমর্পণ করেন।’
তখন রায়হান বলেন, ‘এখন ঢুকলে ভাই বাইরে তো আর হমু না তো আট-দশ বছর। আমারে বাইরে দেবে না কেউ। বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে তারা মামলা দেবে।’
কথপোকথনে রায়হান জানান, তিনি ফটিকছড়ি থেকে অনেক দূরে অবস্থান করছেন। এ কারণে সেদিন তাঁর পক্ষে পুলিশের কাছে যাওয়া সম্ভব নয়। বিষয়টি ভেবে দেখবেন বলে জানান তিনি।
কথোপকথনে ফটিকছড়ির গুলির ঘটনার প্রসঙ্গও তোলেন রায়হান। তাঁর দাবি, ঘটনার দিন তিনি মাজারে জিয়ারত করাতে যাচ্ছিলেন। পথে কীভাবে গুলির ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত বিরোধ ছিল না বলেও দাবি করেন।
একপর্যায়ে পুলিশ কর্মকর্তা তাঁকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়ার কথা বলেন। আত্মসমর্পণ করলে নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তাঁকে দেখা করতে এবং একসঙ্গে বসে নাশতা করার আমন্ত্রণ জানান।
রায়হানের সঙ্গে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, তাঁকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ না করলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রায়হানের আত্মসমর্পণের আগ্রহ কতটা বিশ্বাসযোগ্য—জানতে চাইলে তিনি বলেন, কাউকে পুরোপুরি বিশ্বাস করার সুযোগ নেই। পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে এবং সফল হওয়ার জন্য প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রায়হান আত্মসমর্পণ করতে চাইলে পুলিশ সহযোগিতা করবে কিনা- প্রশ্নে তারেক আজিজ বলেন, যেভাবেই হোক তাঁকে আইনের আওতায় আসতে হবে। সেটি গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের মাধ্যমে হতে পারে।