Image description

চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের জাতীয় ওষুধ পরীক্ষাগারে জমা পড়া নমুনার অর্ধেকেরও বেশি পরীক্ষা করা সম্ভব হয়নি। এতে ওষুধের মান যাচাইয়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

তীব্র জনবল সংকটের কারণেই নকল ও নিম্নমানের ওষুধ শনাক্তের সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

ডিজিডিএ’র তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে (এনডিসিএল) ৪ হাজার ৬৯৯টি নমুনা জমা পড়ে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে মাত্র ১ হাজার ৮৯১টি, যার মধ্যে ৭৯টি মানোত্তীর্ণ হতে পারেনি। লোকবলের অভাবে বাকি ২ হাজার ৮০৮টি নমুনাই পরীক্ষা করা সম্ভব হয়নি, যা মোট জমা পড়া নমুনার প্রায় ৬০ শতাংশ।

নিয়ন্ত্রক সংস্থাটির অনুমোদিত ৭২০টি পদের মধ্যে ৩০৮টিই শূন্য। বিশেষ করে বিশেষায়িত পরীক্ষার ৫২টি পদের ৪৭টিই খালি পড়ে আছে। ডিজিডিএ জানিয়েছে, জনবল সংকটের কারণে ফার্মেসি ও ওষুধ কারখানা পরিদর্শন, সন্দেহজনক ওষুধের নমুনা সংগ্রহ এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব কেবল প্রশাসনিক দীর্ঘসূত্রতায় সীমাবদ্ধ নয়। মানহীন ওষুধ রোগীদের কাঙ্ক্ষিত ফল দেয় না; উল্টো শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এ ছাড়া নিম্নমানের ওষুধ নিয়ন্ত্রণ করতে না পারলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরির ঝুঁকিও বাড়ে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির টাইমসকে বলেন, ‘রোগীরা না জেনেই নকল ওষুধ খাচ্ছেন, যা কোনো কাজেই আসছে না। এটি আমাদের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে।’

যোগাযোগ করা হলে নিয়ন্ত্রক সংস্থাটি স্বীকার করে, সীমিত কারিগরি জনবল ও পরীক্ষাগার সুবিধার কারণে সব ওষুধ পরীক্ষা করা যাচ্ছে না। পাশাপাশি ২০১৪ সালে শুরু হওয়া নিয়োগবিধি প্রণয়নের কাজ এখনো শেষ না হওয়ায় ৬৪টি পদে নিয়োগ আটকে আছে।

পরীক্ষা কমেছে, বেড়েছে মানহীন ওষুধের হার

পরীক্ষাগারের পরিসংখ্যানে দেখা গেছে, জমা পড়া ও পরীক্ষিত নমুনার ব্যবধান ক্রমেই বাড়ছে। ২০২৫ সালে এনডিসিএলে ৪ হাজার ৬৯২টি নমুনা জমা পড়েছিল। এর মধ্যে ২ হাজার ৭০৬টি পরীক্ষা করা হয় এবং ১ হাজার ৯৮৬টি অপরীক্ষিত থাকে। অথচ আগের পুরো বছরের প্রায় সমান নমুনা জমা পড়লেও ২০২৬ সালের প্রথম ১০ মাসেই অপরীক্ষিত নমুনার সংখ্যা ২ হাজার ৮০৮টিতে ঠেকেছে।

পরীক্ষিত নমুনার মধ্যে মানহীন ওষুধ শনাক্তের হারও বেড়েছে। ২০২৫ সালে এই হার ছিল প্রায় ২ দশমিক ৮ শতাংশ, যা চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে বেড়ে ৪ দশমিক ২ শতাংশ হয়েছে। গত বছর ৭৫টি মানহীন নমুনা শনাক্ত হলেও এবার প্রথম ১০ মাসেই মিলেছে ৭৯টি। তবে এই হিসাব শুধু পরীক্ষিত নমুনার; এর মাধ্যমে সারা দেশের বাজারের প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়।

 

সর্বশেষ ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বাজারজাতকরণের আগে ও পরে সংগৃহীত ১ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে ২৫টিতে মানের ঘাটতি পাওয়া গেছে। অন্য উৎস থেকে পাওয়া ৬৭৬টি নমুনার মধ্যে ৫৪টি মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ওই সময়ে পরীক্ষাগারে বাজারজাতকরণ-পরবর্তী ২ হাজার ৮০৫টি, বাজারজাতকরণ-পূর্ব ৯০৬টি এবং অন্যান্য উৎস থেকে ৯৮৮টি নমুনা জমা পড়ে।

টাইমসকে দেওয়া লিখিত বক্তব্যে ডিজিডিএ জানায়, পর্যাপ্ত জনবল ও সুযোগ-সুবিধা না থাকায় তারা ‘ঝুঁকি-ভিত্তিক’ পদ্ধতিতে নমুনা পরীক্ষা করে। এক্ষেত্রে সন্দেহজনক পণ্য, দৈবচয়নের ভিত্তিতে সংগৃহীত নমুনা এবং নজরদারির মাধ্যমে পাওয়া ওষুধগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। সীমিত সম্পদ কাজে লাগাতে এই পথ বেছে নিলেও নমুনা জমা ও পরীক্ষার বিশাল ব্যবধান ল্যাবের সক্ষমতার ওপর প্রচণ্ড চাপের বিষয়টিই স্পষ্ট করে।

আবদুল মুক্তাদির বলেন, দুর্বল পরীক্ষা সক্ষমতার সুযোগে সারা দেশে নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ ছড়িয়ে পড়ছে। ওষুধের বাজারের পরিধির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ পরীক্ষাগার সুবিধা নিশ্চিত করা এবং দক্ষ জনবল নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের বিষয়ে অবহেলার কোনো সুযোগ নেই।’

গুরুত্বপূর্ণ পরীক্ষার পদগুলো শূন্য

বিশেষায়িত পরীক্ষার ক্ষেত্রে জনবল সংকট সবচেয়ে প্রকট। সেখানে অনুমোদিত ৫২টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৫ জন। পরীক্ষাগার-সংশ্লিষ্ট ২১৯টি পদের মধ্যে ৯২টিই খালি। ডিজিডিএর সামগ্রিক জনবলেও একই চিত্র; ৭২০টি পদের বিপরীতে কাজ করছেন ৪১২ জন, অর্থাৎ প্রায় ৪৩ শতাংশ পদই শূন্য।

নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, পদ খালি থাকায় নিয়মিত বাজার তদারকি, পরিদর্শন, নমুনা সংগ্রহ এবং তাৎক্ষণিক আইন প্রয়োগের গতি কমে গেছে। বিশেষ করে ফার্মেসি ও কারখানা পরিদর্শন এবং সন্দেহজনক ওষুধ সংগ্রহের কাজ সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে। বর্তমান কর্মীদের বাড়তি কাজের চাপ নিতে হওয়ায় তদারকির ধারাবাহিকতা ও গভীরতা কমছে।

জরুরি ক্ষেত্র, সরকারি ওষুধ সরবরাহ এবং অভিযোগের ভিত্তিতে আসা নমুনাগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছে ল্যাব কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও বিদ্যমান যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। তবে ডিজিডিএ স্বীকার করেছে, এসব উদ্যোগ দিয়ে পরীক্ষার স্বাভাবিক গতি ফেরানো সম্ভব নয়।

সংস্থাটি এখন জনবল নিয়োগ, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জোরদার ডিজিটাল নজরদারিকে অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিশেষজ্ঞ ও কারিগরি জনবল নিয়োগের চেষ্টা ত্বরান্বিত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

২০১৪ সাল থেকে ঝুলে আছে নিয়োগবিধি

দীর্ঘ প্রশাসনিক জটিলতায় ৬৪টি পদে নিয়োগ আটকে থাকায় সংকট আরও ঘনীভূত হয়েছে। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিকে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে রূপান্তরের লক্ষ্যে ২০১৪ সালের ৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৮টি অস্থায়ী পদ সৃষ্টির নীতিগত অনুমোদন দেয়। বেতন গ্রেড নির্ধারণ, সচিব কমিটির অনুমোদন ও সাংগঠনিক কাঠামো হালনাগাদের শর্তে ওই সম্মতি দেওয়া হয়েছিল

২০১৮ সালে অর্থ বিভাগ প্রস্তাবিত ল্যাবের ৬২টি পদের বেতন গ্রেডে সম্মতি দেয়। ওই বছরের ২৬ আগস্ট প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ৬২টি অস্থায়ী পদ সৃষ্টির সুপারিশ করে। তবে দুটি পদের বেতন গ্রেডে অসংগতি থাকায় সেগুলোর পদবি আরও যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। ২০২১ সালের ২৬ জানুয়ারি সহকারী পরিচালক (প্রশাসন) পদের নাম বদলে সুপারিনটেনডেন্ট (প্রশাসন) করার সঙ্গে সংশ্লিষ্ট বেতন গ্রেড সমন্বয়ে শর্তসাপেক্ষ সম্মতি দেয় অর্থ বিভাগ।

পরে ২০২১ সালের ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধি যাচাই-বাছাই উপকমিটি নতুন পদগুলো ডিজিডিএর খসড়া নিয়োগবিধিতে যুক্ত করে সচিব কমিটিতে পাঠানোর সুপারিশ করে। ২০২৩ সালের এপ্রিলে স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করে। এতে বিদ্যমান ডিজিডিএ নিয়োগবিধি ২০১২-এর সঙ্গে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির ৬০টি, ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির ৬১টি এবং নতুন সৃষ্ট ২২৮টি পদ একীভূত করার প্রস্তাব ছিল।

২০২৩ সালের ১৯ নভেম্বর সচিব কমিটির সভায় প্রস্তাবটি উঠলেও তা চূড়ান্ত না করে উপকমিটিকে আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়। উপকমিটি ২০২৪ সালের ১৫ জানুয়ারি বৈঠক করে ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি ২০২৪’-এর খসড়া প্রজ্ঞাপন ও তফসিল তৈরি করে। কিন্তু বেশ কিছু পদের বিধান নিয়ে ডিজিডিএ আপত্তি তোলে এবং পুনর্বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মতামত পাঠায়।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, এরপর থেকে উপকমিটি বা সচিব কমিটির আর কোনো বৈঠক হয়নি। এ ছাড়া সাংগঠনিক কাঠামোতে আরও ৫৮টি ও ১৪২টি পদ যুক্ত করার দুটি প্রস্তাব এখনো প্রক্রিয়াধীন। বিধিমালা চূড়ান্ত না হওয়ায় ৬৪টি পদে নিয়োগ কার্যক্রম এগোচ্ছে না।

সক্ষমতা বাড়াতে নতুন পরীক্ষাগারের পরিকল্পনা

নমুনা পরীক্ষার সীমাবদ্ধতা কাটাতে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে ডিজিডিএ। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকারের নিজস্ব অর্থায়নে বিদ্যমান ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির ভ্যাকসিন উইংয়ে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

এই ভবন চালু হলে অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হারবাল ও হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি মেডিকেল ডিভাইস, সাপ্লিমেন্ট এবং প্রসাধনী সামগ্রীর আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া আধুনিক যন্ত্রপাতি কেনা এবং বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে পরীক্ষাগার অবকাঠামো শক্তিশালী করারও পরিকল্পনা রয়েছে সংস্থাটির।