Image description

মুন্সিগঞ্জের ৩০টি মিরকাদিম গরু কেনার জন্য বরাদ্দ ৮৪ লাখ টাকা। এসব গরুর জন্য পাঁচ বছরে কেনা হবে ১ হাজার ৭২ টন খাদ্য। আর এ খাবার কিনতেই ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকা।

মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পে এ ব্যয়প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৬০ লাখ টাকা। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ী, গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির মোট ব্যয় ৫০ কোটি টাকার কম হওয়ায় পরিকল্পনামন্ত্রী এটি অনুমোদন করেন। তবে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) শুধু গোখাদ্যের পরিমাণ ও গরুর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সেখানে ৩০টি গরুর কথা বলা হলেও বিএলআরআইয়ের অন্য গরুগুলোর খাবারও প্রকল্পের অর্থে কেনা হবে, এমন কোনো তথ্য উল্লেখ নেই।

৩০টি গরুর জন্য এত বিপুল পরিমাণ খাদ্য কেনার বিষয়ে জানতে চাইলে বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণী উৎপাদন গবেষণা বিভাগ) ড. মোছা. ফারহানা আফরোজ জাগো নিউজকে বলেন, ‘সংখ্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করেই খাদ্য কেনার ব্যয় নির্ধারণ করা হয়েছে। শুধু ৩০টি গরু নয়, বিএলআরআইয়ের আরও ৬৪টি গরু রয়েছে। সেগুলোর খাবারের হিসাবও খাদ্য খাতের ব্যয়ের মধ্যে রাখা হয়েছে।’

গরুর শারীরিক ওজন অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করা হবে। গরুগুলো পাঁচ বছরে যে পরিমাণ খাবার খাবে, সেই হিসাব করেই কমিটি গোখাদ্যের পরিমাণ ও দাম নির্ধারণ করেছে। দানাদার খাবার কেনা হবে। এছাড়া আগামীতে কতগুলো বাচ্চা হবে, সেটিও খাবারের ব্যয় নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে।-বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণী উৎপাদন গবেষণা বিভাগ) ড. মোছা. ফারহানা আফরোজ

তিনি বলেন, ‘গরুর শারীরিক ওজন অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করা হবে। গরুগুলো পাঁচ বছরে যে পরিমাণ খাবার খাবে, সেই হিসাব করেই কমিটি গোখাদ্যের পরিমাণ ও দাম নির্ধারণ করে। দানাদার খাবার কেনা হবে। এ ছাড়া আগামীতে কতগুলো বাচ্চা হবে, সেটিও খাবারের ব্যয় নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে।’

গরুর জেনেটিক উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে ও দুধ উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

প্রকল্পের অন্য ব্যয়েও বড় বরাদ্দ

প্রকল্পের আওতায় জ্বালানি বাবদও ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ খাতে ২৫ হাজার ৩৫ লিটার জ্বালানি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের ডিপিপি পর্যালোচনায় দেখা যায়, কর্মকর্তাদের বেতন খাতে ৩৮ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাতজন আউটসোর্সিং কর্মচারীর বেতন বাবদ ধরা হয়েছে ৯০ লাখ টাকা। একজনের ভাতা বাবদ ২৮ লাখ ৩৩ হাজার টাকা এবং সাতজনের আউটসোর্সিং চার্জ বাবদ ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চারটি খামারি মাঠ দিবস ও ১০ ব্যাচের প্রশিক্ষণ খাতে ১৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। বরাদ্দ রাখা হয়েছে দুটি সেমিনার ও কর্মশালার জন্যও। আড়াই হাজার কেমিক্যাল ও রি-এজেন্ট কেনায় ২৪ লাখ টাকা, অফিস ভাড়া বাবদ ২৪ লাখ টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ সাড়ে ৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

তিনজন কর্মকর্তা ও চারজন কর্মচারীর ভ্রমণ খাতে ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। চারটি সাইট ও প্রকল্প পরিচালকের (পিডি) কার্যালয়ের টেলিফোন ও ইন্টারনেট বিল বাবদ ধরা হয়েছে ৩ লাখ টাকা।

প্রচার, ভিডিও ও বিজ্ঞাপনে ১০ লাখ টাকা, গবেষণার কাজে ৫ কোটি ৮০ লাখ টাকা এবং সম্মানী খাতে ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ভ্যাকসিন ও মেডিসিন বাবদ ২১ লাখ ৪৭ হাজার টাকা, প্রিন্টিং বাবদ ৩ লাখ টাকা এবং স্টেশনারি ও মনিটরিং বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

এ ছাড়া অনিয়মিত শ্রমিক খাতে ৩৯ লাখ টাকা, বৃক্ষরোপণ বাবদ ১২ লাখ, বই কেনায় ৩ লাখ, আপ্যায়নে ৫ লাখ এবং মেরামতে ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সরঞ্জাম কেনার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন বরাদ্দ। ক্যামেরা ও ফার্ম ইকুইপমেন্ট বাবদ ১২ লাখ টাকা, বাইসাইকেল কেনায় ৩ লাখ ৪০ হাজার, মোটরসাইকেল কেনায় ৪ লাখ এবং স্কুটি কেনায় সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফার্নিচার কেনায় ১২ লাখ টাকা, কম্পিউটার সামগ্রীতে সাড়ে ৮ লাখ এবং ল্যাব ইকুইপমেন্ট কেনায় ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা।

ডিপিপিতে ৩০টি গরুর জন্য গোখাদ্য কেনার কথা উল্লেখ থাকলেও বিএলআরআইয়ের অন্য গরুগুলো এ প্রকল্পের আওতায় কেনা খাবার খাবে, এমন কোনো তথ্য নেই। এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের উপপ্রধান (মৎস্য ও প্রাণিসম্পদ অধিশাখা) মোহাম্মদ শামীম বেপারী কোনো উত্তর দেননি।

মিরকাদিম গরু সংরক্ষণে কেন এ প্রকল্প

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিরকাদিম গরু বাংলাদেশের একটি স্বতন্ত্র স্থানীয় জাত। মূলত মুন্সিগঞ্জ জেলায় এ জাতের গরু পাওয়া যায়। জেলার সদর উপজেলার চরাঞ্চল, সিরাজদিখান, গজারিয়া ও টঙ্গিবাড়ীতে এ গরুর উপস্থিতি সবচেয়ে বেশি। এ কারণে প্রকল্প এলাকা হিসেবে মুন্সিগঞ্জকে নির্বাচন করা হয়েছে।

প্রকল্পের উদ্দেশ্যের মধ্যে রয়েছে বিশুদ্ধ মিরকাদিম গরু সংগ্রহ, সংরক্ষণ ও উন্নয়ন। গরুর ফেনোটাইপিক ও জেনোটাইপিক বৈশিষ্ট্য নিরূপণ, মুন্সিগঞ্জ অঞ্চলের দেশি গাভিকে মিরকাদিম ষাঁড়ের বীজ দিয়ে উন্নত বংশধর উৎপাদন এবং তাদের উৎপাদন দক্ষতা যাচাই করা।

মিরকাদিম গরুর সর্বোৎকৃষ্ট পাল গড়ে তুলতে আধুনিক কৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে জিন-রহস্য উন্মোচন, অধিক ডিম্বস্ফোটন ও ভ্রূণ স্থানান্তর, মানবসম্পদ উন্নয়নের জন্য বিজ্ঞানী, সরকারি কর্মকর্তা, কৃত্রিম প্রজননকর্মী ও গাভি পালনকারী খামারিদের প্রশিক্ষণ, প্রচারণার মাধ্যমে মিরকাদিম গরুকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং জাত হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ নেওয়া।

প্রকল্প গ্রহণের যৌক্তিকতা সম্পর্কে বিএলআরআই জানায়, দুগ্ধ ও মাংস উৎপাদনকারী গরুর জাত উন্নয়ন প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান কাজ। দেশের সম্ভাবনাময় কয়েকটি দেশি জাতের মধ্যে রয়েছে পাবনা গরু, উত্তরাঞ্চলের নর্থ বেঙ্গল গ্রে, মুন্সিগঞ্জের মিরকাদিম গরু এবং নেত্রকোনার ব্ল্যাক গরু। এসব জাতের গরু রোগ প্রতিরোধী। অন্য জাতের তুলনায় কম খাদ্য, যত্ন ও চিকিৎসা উপকরণ ব্যবহার করেও এগুলো উন্নত মানের দুধ, মাংস ও চামড়া উৎপাদনে সক্ষম।

মিরকাদিম গরুর নামকরণ হয়েছে এর স্বতন্ত্র সাদা বা ক্রিমি সাদা গায়ের রং এবং উৎপত্তিস্থলের নাম অনুসারে। বাছাই ও বিশুদ্ধ প্রজননের মাধ্যমে এ জাতের গরুর দৈনিক গড় দুধ উৎপাদন বাড়ানো সম্ভব। এতে গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে মনে করে বিএলআরআই।

সূত্র জানায়, মিরকাদিম গরুর জাত সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ এবং জাত হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বিএলআরআই প্রকল্পটি প্রস্তাব করে। প্রথমে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়নের জন্য ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল।

ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ৫ মার্চ প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটির ব্যয় কমিয়ে ১৬ কোটি ৬০ লাখ টাকা নির্ধারণ করে।

মিরকাদিম গরুর মতো সম্ভাবনাময় দেশি জাত সংরক্ষণ ও উন্নয়নে গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেই গবেষণার নামে কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, তার যৌক্তিকতা ও স্বচ্ছতাও নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ৩০টি গরুর জন্য নির্ধারিত খাদ্য বরাদ্দের সঙ্গে বিএলআরআইয়ের অন্য গরুর খাবারের হিসাব যুক্ত থাকলে তা ডিপিপিতে স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। নইলে প্রকল্পের ব্যয় পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাবে।