রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অগ্নিসংযোগের পর থেকে সাবেক পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে বাড়ির কেয়ারটেকার এসে খোঁজখবর নিয়ে চলে যান। একজন নৈশপ্রহরীও মাঝেমধ্যে বাড়িটি পাহারা দিতে আসেন। এরমধ্যে আজ বাড়িটিতে আগুন দেওয়া হয়।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন ব্যক্তি শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি।
পরে বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।