Image description

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ তুলে তাদের কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

তার অভিযোগ, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের দোসর হিসেবে চিহ্নিত কয়েকজন বিচারপতি এখনো সুপ্রিম কোর্টে সক্রিয় রয়েছেন। তারা প্রায় প্রতিদিন বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে গোপন বৈঠকে বসেন।

তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইশারা দিলেই বাসায় পরিবার নিয়ে ঘুমাতে পারবেন না।

 

ছবি: জাগো নিউজ
 
ছবি: জাগো নিউজ

 

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব অভিযোগ করেন।

সমাবেশে দেওয়া বক্তব্যে কামরুল ইসলাম সজল বলেন, শর্ষের মধ্যে ভূত রয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বারবার দাবি করে আসছে, বিচারাঙ্গনে এখনো শেখ হাসিনার দোসর কিছু বিচারপতি রয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের বলতে চাই, আপনাদের আপা হেলিকপ্টারে করে পালিয়েছেন। আপনারা কিন্তু নৌকা, রিকশা কোনোটাই পাবেন না।

 

বিচারপতিদের উদ্দেশে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিচারাঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কথা বলে আসছে।

বর্তমানে নিজেদের দল ক্ষমতায় রয়েছে উল্লেখ করে সজল বলেন, আমরা যদি ইশারা দিই, আদালত চত্বর তো দূরের কথা, বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না।

 

ছবি: জাগো নিউজ
 
ছবি: জাগো নিউজ

 

তার এমন বক্তব্যকে কেন্দ্র করে সমাবেশে উপস্থিত আইনজীবীদের মধ্যে আলোচনা তৈরি হয়। বিচার বিভাগের ভেতরে কথিত গোপন বৈঠকের অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্ট বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে যেসব বিচারপতির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদের নাম প্রকাশ করেননি। তার উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিচারপতিদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলীসহ কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।

বক্তব্যে এম বদরুদ্দোজা বাদল দেশে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।