Image description

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি।

ভোর সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় ওই যুবকের ওপর হামলা চালায় ২ থেকে ৩ জন দুর্বৃত্ত।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র আবু তালহা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাইরে চিৎকার শুনতে পান। জানালা দিয়ে তাকিয়ে তিনি দেখতে পান, মোটরসাইকেলে বসে থাকা এক যুবককে ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করছে। পরে নিচে নেমে ঘটনাস্থলে গিয়ে যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

পরে যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে গিয়ে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যকে বিষয়টি জানান তারা।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বড় মাদ্রাসা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শীর্ষনিউজ