Image description

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবাসিক হলের কক্ষে ঢুকে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল ইসলামের বাম চোখে গুরুতর আঘাত লাগে।

ভুক্তভোগী নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ঢাকা ডায়েরির কুয়েট ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কর্মরত।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ১৫-২০ জনের একটি দল নাজমুলকে মারধরের উদ্দেশ্যে তাঁর কক্ষে জড়ো হয়। এ সময় নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দেওয়া ইফাজসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে নাজমুল কক্ষের দরজা বন্ধ করে দিলে তাঁরা দরজা ভাঙার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে তাঁরা সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসেন। এ সময় নাজমুলের আরেক রুমমেট মাহিন মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে এর মধ্যেই কয়েকজন কক্ষে প্রবেশ করে নাজমুলের ওপর হামলা চালান। এতে তার বাম চোখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে তিনি আহত হয়ে মেঝেতে পরে গেলে হামলাকারীরা তাঁকে কক্ষে রেখেই চলে যান। পরে হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।

নাজমুল ইসলাম বলেন, বিকেলে ল্যাবে কাজ করার সময় আসিফ তন্ময়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মিটে গেলেও আসিফ তাকে দেখে নেওয়ার হুমকি দেন। ল্যাব থেকে কক্ষে ফেরার পর তিনি দলবল নিয়ে এসে হামলা করেন। নাজমুলের অভিযোগ, সেখানে অনেকে উপস্থিত থাকলেও তাকে সরাসরি মারধর করেন আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম।

তিনি আরও জানান, তার চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা শহরে নেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার কারণে এ সময় তিনি বিস্তারিত কথা বলতে পারেননি।

ঘটনার পর আহত নাজমুলকে দেখতে যান লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা এবং লালন শাহ হলের সহকারী প্রভোস্ট আল মুত্তাকি বিল্লাহ।

রাজন কুমার রাহা বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নাজমুলকে দেখতে যান। তাঁর চোখে বেশ খানিকটা কেটে গেছে। আপাতত তাঁর সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ল্যাবে দুই পক্ষের কথা-কাটাকাটির পর বিভাগীয় প্রধান তাঁদের ডেকে পাঠান। ভুল-বোঝাবুঝি দূর করতে পরবর্তী সময়ে তাঁদের নিয়ে বসার পরিকল্পনা ছিল। তবে এর আগেই এ ঘটনা ঘটে। বিভাগীয় প্রধান পরবর্তী সময়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারেন।

প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজন কুমার রাহা বলেন, বিষয়টি ইতোমধ্যে ছাত্রকল্যাণ দপ্তরকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।