Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশের এক সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে তিনি বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে।’

পরে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। এরপর ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় তিনি বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।

প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানান। এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতকড়া ছাড়াই তাকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

পরে দুপুর ২টার দিকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

এদিন দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।

মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ১১ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেফতার ১১ আসামি

গ্রেফতার হয়ে কারাগারে থাকা আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।

পলাতক ৩০ আসামি

মামলার পলাতক ৩০ আসামির মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ ছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যেভাবে মামলার কার্যক্রম

গত ১ নভেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেফতার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। তার অনুপস্থিতির কারণে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। পরে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে।