Image description

রাজধানীর ফকিরাপুলে 'সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। স্থানীয় শুভ্র ও জাহিদ গ্যাংয়ের অনুসারী ১৫-১৬ জনের একটি দল অফিসে ঢুকে এই তাণ্ডব চালায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করলেও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

 

যেভাবে ঘটেছিল ঘটনা

গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ফকিরাপুলের সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সির অফিসে হানা দেয় অভিযুক্তরা। তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে হুমকি দেয় যে, টাকা দিয়ে 'ম্যানেজ করে' ব্যবসা চালাতে হবে, অন্যথায় অফিস বন্ধ করে দেওয়া হবে।

 

এ সময় তাদের বাধা দিলে অফিসের কর্মকর্তাদের মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে সহযোগিতা চান ভুক্তভোগীরা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যেই হামলাকারীরা আরও লোক জড়ো করে এবং অস্ত্রসহ সহযোগীদের নিয়ে আসে। পরে পুলিশি অভিযানে মোট চারজনকে আটক করা হয় যাদের মধ্যে একজনকে বাইরে অস্ত্রসহ এবং তিনজনকে অফিসের ভেতর থেকে আটক করা হয়। এ সময় পুলিশ একটি মোটরসাইকেলও জব্দ করে।

 

প্রাথমিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই অফিস ছুটির পর বাসায় ফেরার পথে ফকিরাপুল এলাকায় আবারও হামলার শিকার হন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

হেলমেট ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধরের পাশাপাশি চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত-পায়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এই হামলায় এক কর্মকর্তার হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওই প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার নিয়াজুল ইসলাম।

 

দ্বিতীয় দফায় সংঘটিত এই হামলায় জড়িতদের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা চিহ্নিত 'জাহিদ গ্রুপ' বা গ্যাংয়ের সদস্য এবং তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। চাঁদাবাজির মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

 

এ বিষয়ে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ওই ব্যবসা প্রতিষ্ঠান ও আক্রান্ত কর্মকর্তাদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।