গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া পুলিশের সেই পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। এ সময় পিস্তলে লোড করা এক রাউন্ড গুলিও পাওয়া যায়।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ মল্লিক জানান, চান্দনা চৌরাস্তার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উনিশে টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে তখনও তার সঙ্গে পিস্তলটি ছিল। আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি পিস্তলটি খুঁজে পাচ্ছিলেন না। তবে কোথায় বা কীভাবে পিস্তলটি হারিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়।
জিএমপির বাসন থানার ওসি হারুন অর রশিদ পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (৩১ অক্টোবর) বিকালে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন এসআই পারভেজ মল্লিক। পরে থানায় ফিরে তিনি পিস্তলটি খুঁজে না পেয়ে বিষয়টি জানান। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাসন থানার টিএন্ডটি সড়কের বারবৈকা (মুচিপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রফেসর সিরাজুল ইসলামের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলে এক রাউন্ড গুলি লোড করা অবস্থায় ছিল।