বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের পরীক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। এবারই প্রথম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।
সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন হতে যাচ্ছে।