Image description

স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) জানিয়ে দেওয়া হবে।

এই বিজ্ঞপ্তি পরবর্তীতে সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।

এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।

এর আগে ২০২৫ সালের ২৯ মে তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।