চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী। প্রায় অর্ধেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় ফেল করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বরেই পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ‘২-৩০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য ও আবেদন প্রক্রিয়া জানিয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করা হবে।’
বিদ্যমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে দীর্ঘ এক বছর অপেক্ষা করে তাকে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি বাড়তি মানসিক চাপও তৈরি হয়।
এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এবার এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন বলে জানা গেছে।