Image description

চলমান পোশাক শ্রমিক আন্দোলনে পুলিশ নারীদের গায়ে হাত দিচ্ছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান পোশাক শ্রমিক আন্দোলনের নয়। ভিডিওটি গত ০৮ অক্টোবর ‘নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার দেশবিরোধী সিদ্ধান্ত’ বাতিলের দাবিতে সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ কর্তৃক লাঠিপেটার দৃশ্য।

 

প্রচারিত ভিডিওতে ‘awaz news’ লিখা একটি লোগো দেখা যায়। এটির সূত্র ধরে অনুসন্ধানে ‘Awaz News’ নামের একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজ থেকে গত ০৮ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। আওয়াজ নিউজ ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘আপনি তো বড় অফিসার বলেন... নারীদের গায়ে পুরুষ পুলিশ হাত দিতে পারে বাংলাদেশের কোন আইনে আছে? মাহতাব আহমেদ’।

আরও অনুসন্ধানে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর ফেসবুক পেজে গত অক্টোবর প্রচারিত একটি লাইভ পাওয়া যায়। লাইভেও একই দৃশ্যের দেখা যায়। ডা. মনীষা চক্রবর্তীর পোস্ট থেকে জানা যায়, ‘নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার দেশবিরোধী সিদ্ধান্ত’ বাতিলের দাবিতে বিডা ভবনের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভের দৃশ্য এটি।

পোশাক শ্রমিক আন্দোলনে নারীদের গায়ে পুলিশের হাত দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার
পোশাক শ্রমিক আন্দোলনে নারীদের গায়ে পুলিশের হাত দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

এরপর ওইদিনই ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৮ অক্টেবর দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’সহ বিভিন্ন বাম রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ করেছিল। এসময় ইনভেস্ট বাংলাদেশ (সাবেক বিডা) কার্যালয়ের সামনে গিয়ে ভবনটিতে গাড়ি প্রবেশে বাধা দেন আন্দোলনকারীরা। তারা বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারার বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

অর্থাৎ, ভিডিওটি চলমান পোশাক শ্রমিক আন্দোলনের নয় বরং, গত ০৮ অক্টোবরের ভিন্ন ঘটনার।