Image description

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে সংস্থাটি। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালার ৩৬ নম্বর বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধি অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে বা আনুভূমিকভাবে নম্বর লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের রেজিস্ট্রেশন নম্বর একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমোদন দিতে পারবে কর্তৃপক্ষ।

নতুন বিধিমালায় নম্বরপ্লেটের বিভিন্ন কারিগরি বিষয় নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য।

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

শীর্ষনিউজ