Image description
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
 
রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সাথী আক্তার ওই এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।
 
এর আগে রবিবার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভে সাথী আক্তার দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার, এসির তারসহ বাসা থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
 
ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সব হারিয়ে তার পাগল হওয়ার মতো অবস্থা হয়েছে। কাকে ভোট দিয়ে আজ এই পরিস্থিতির শিকার হয়েছেন, তা নিয়েও আক্ষেপ করেন তিনি। লাইভে ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশের পাশাপাশি বিএনপি সরকারের সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ জানান।
 
লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা যায়। পরে রাতে স্থানীয় লোকজন ও রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তার পার্লারে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
 
এ অবস্থায় পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।
 
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে।
 
ওসি বলেন, ফেসবুক লাইভে সমালোচনার জের ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে। সাধারণ মানুষের বাক্‌স্বাধীনতার অধিকার রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।