Image description

শেষ পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ করলো সরকার। তবে মেয়াদ শেষ করলেও মেয়াদোত্তীর্ণ মেয়র ডা. শাহাদাত হোসেনকেই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

রোববার প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

গত ২০২১ সালের সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজয়ের পর ফলাফলের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন শাহাদাত হোসেন। পরে ২০২৪ সালের অক্টোবর মাসে আগের ফলাফল বাতিল করে শাহাদাত হোসেনকে বিজয়ীর রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর ২০২৪ সালের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন।

গত ২২ ফেব্রুয়ারি নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হলেও মেয়র হিসেবেই দায়িত্ব পালন করে আসছিলেন শাহাদাত হোসেন। নিজের মেয়াদ ২০২৯ পর্যন্ত বলে দাবি করে আসছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই দাবি খারিজ করে দিয়েছে।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন