Image description

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন— এমন মন্তব্যের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, শেখ হাসিনা শুধু ডিসেম্বরে নয়, এ রকম অনেক ডিসেম্বর চলে যাবে, তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না। যত অপকর্ম করেছেন এবং মানুষের জীবন কেড়ে নিয়েছেন, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাকে ফিরতে দেবে না।

তিনি আরও বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার আসার মতো কোনো দিন হবে কি না, তা আমার জানা নেই। তবে যারা তাকে ফিরিয়ে আনার আশা নিয়ে আবারও অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্নস্থানে বোমা হামলা ও আগুন লাগাচ্ছে তারা আবারও বিপদে পড়বে। তাদের পরিবারও বিপদে পড়বে।

আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের এসি নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, তারা আমাদের শান্তিপূর্ণ দেশটাকে অশান্ত করে নষ্ট করতে চায়। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তারেক রহমানের কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ। তিনি বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। বাংলাদেশের সব মানুষ তার কাছেই নিরাপদ।

জামায়াতের নেতাদের প্রসঙ্গে সংসদ সদস্য বলেছেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করে বলেছেন, নির্বাচনের আগে ক্ষমতায় আসার জন্য জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে এমন কোনো অপরাধ তারা করেনি, যা এই নির্বাচনকে ঘিরে ঘটেনি। তারা সেই সুযোগ আর কখনোই পাবে না।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন এবং এমডি জয়কলি পাবলিকেশনসের অজয় কৃষ্ণ সরকার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি, সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমান।

 

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অতিথিরা অংশ নেন।