রক্তশূন্যতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছে। চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। অসুস্থতার মধ্যেও মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি জনসভায় যোগ দেন তিনি। পরদিন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন সন্ধ্যায় নিজের অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও বিএনপির নেতারা। তাদের মধ্যে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন। এ সময় আরও কয়েকজন চিকিৎসক ও বিএনপির নেতা উপস্থিত ছিলেন।