কিউবার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডা। ১৯৯৬ সালে দুটি নিরস্ত্র উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার ঘটনায় চারজন নিহত হওয়ার অভিযোগে মঙ্গলবার ( ২০ অক্টোবর) ৯৫ বছর বয়সী কাস্ত্রোর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে কিউবার সরকারকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের তৎপরতা আরও জোরালো হলো। খবর আল জাজিরার
সোমবার ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার জানান, কাস্ত্রোর বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগে অঙ্গরাজ্য পর্যায়ে মামলা করা হয়েছে। উড়োজাহাজ দুটি গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেওয়ার ঘটনায় তাঁর কথিত ভূমিকার ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে উথমেয়ার বলেন, ‘রাউল কাস্ত্রো ঠান্ডা মাথায় চারজন ফ্লোরিডাবাসীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। কমিউনিস্টদের ওই ষড়যন্ত্রের জবাবদিহি নিশ্চিত করতে ফ্লোরিডা কখনোই চেষ্টা বন্ধ করবে না।’
তিনি আরও বলেন, নিহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। উথমেয়ার বলেন, ‘৩০ বছর পরও আমরা কার্লোস কস্তা, পাবলো মোরালেস, মারিও দে লা পেনা এবং আরমান্দো আলেহান্দ্রে জুনিয়রের জন্য ন্যায়বিচার পেতে লড়াই করছি।’
১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক সংগঠন ব্রাদার্স টু দ্য রেসকিউয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ছোট, দুই ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়। সংগঠনটি কিউবা ছেড়ে পালিয়ে আসা ব্যক্তিদের সহায়তা করত। ওই ঘটনায় চারজন নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, উড়োজাহাজ দুটি আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল এবং গুলি করে ভূপাতিত করার আগে সেগুলোকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে কিউবার কর্মকর্তারা দাবি করে আসছেন, এর আগে ব্রাদার্স টু দ্য রেসকিউয়ের কয়েকটি উড়োজাহাজ কিউবার আকাশসীমা লঙ্ঘন করেছিল। এ বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল বলেও তাঁদের বক্তব্য।
ঘটনার সময় রাউল কাস্ত্রো কিউবার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। দেশটির কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা কাস্ত্রো ২০০৮ সালে তাঁর ভাই ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়ে প্রেসিডেন্ট হন। ২০১৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেও কিউবার সরকারে তাঁর ও তাঁর পরিবারের প্রভাব রয়েছে।
গত মে মাসে ট্রাম্প প্রশাসন ১৯৯৬ সালের উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করে নতুন একটি ফেডারেল অভিযোগপত্র দাখিল করে। এতে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র, উড়োজাহাজ ধ্বংস এবং চারটি হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়।
সোমবার ফ্লোরিডার পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনেস বলেন, ‘জবাবদিহি নিশ্চিত করতেফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের বিচারসহ আইনের আওতায় থাকা সব ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের ঐতিহাসিক ফেডারেল অভিযোগপত্র এর ভিত্তি তৈরি করেছে। এখন জেমস উথমেয়ার ও তাঁর দল ফ্লোরিডার আইন অনুযায়ী অভিযোগ আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।’
এদিকে চলতি বছরের শুরু থেকে কিউবার কমিউনিস্ট সরকার পরিবর্তনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছে ট্রাম্প প্রশাসন। এ লক্ষ্যে দেশটির ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হয়েছে। জানুয়ারিতে কিউবার জ্বালানি সরবরাহে কার্যত অবরোধ আরোপ করা হয়। বিশেষজ্ঞদের মতে, কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র কার্যত দেশটিতে জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত করেছে।
এর ফলে কিউবার অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং জ্বালানিনির্ভর বিদ্যুৎব্যবস্থা চাপে পড়েছে। দেশটির মোট তেলের চাহিদার মাত্র ৪০ শতাংশ অভ্যন্তরীণভাবে উৎপাদিত হয়। যুক্তরাষ্ট্র এর আগে দেশটির সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে থাকা সরকারপ্রধানদের বিরুদ্ধে অভিযোগপত্রকে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরার ক্ষেত্রেও ব্যবহার করেছে।