Image description

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে কারখানাগুলোর প্রধান ফটকে ছাঁটাইয়ের নোটিস টানিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা নোটিসটি দেখতে পান।

ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

কারখানা কর্তৃপক্ষের নোটিসে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা ও গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গত ৬ জুন থেকে প্রতিষ্ঠানগুলো লে-অফে রয়েছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়।

কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সই করা নোটিশসে আরও বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।