ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসক আটক করেছে আনসার সদস্যরা। পরে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢামেকের জরুরি বিভাগের ভেতর থেকে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবককে চলাফেরায় সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটক ভুয়া চিকিৎসকের নাম রাকিব। তিনি বরিশালর গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
আটক রাকিব জানান, আমার ভাই অসুস্থ ছিল, তাকে ভর্তি করার জন্যই ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অনেক চেষ্টার পরও তাকে ভর্তি করতে না পেরে একজনের বুদ্ধিতে সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তারের পরিচয় দিই। এরপরই আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।