মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কামপুং পান্ডান এলাকার একটি বিনোদনকেন্দ্রে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১৯০ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শনিবার ভোর ৪টার দিকে পরিচালিত এ অভিযানে ২৩৫ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশীয় ও ভারতীয় নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালিত ‘অপস গেগার’ নামের এ অভিযানে বিভিন্ন পদমর্যাদার ১০৭ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানে সহযোগিতা করে দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)। ওই বিনোদনকেন্দ্রে বিদেশি নাগরিকদের কার্যক্রম সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ২০ থেকে ৪১ বছর বয়সী নারী-পুরুষসহ মোট ১৯০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহ রয়েছে।
আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) অভিবাসন আটককেন্দ্রে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট না থাকা, অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাসপোর্টের অপব্যবহারের অভিযোগে বিদেশিদের শনাক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগ, আশ্রয়-প্রশ্রয় কিংবা তাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে কোনো নিয়োগকর্তা বা ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিভাগটি।