দীর্ঘ ৯ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়েছেন মা জাহানারা বেগম। মেয়েকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। মাকেও কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৩৯ বছর বয়সী রমুজা আক্তার। আদালত ও পুলিশের সহযোগিতায় মেয়েকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাহানারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে রমুজাকে তার মা ও বোনের কাছে হস্তান্তর করে রামগড় থানা পুলিশ।
এর আগে, রাজশাহী শহরের একটি নিরাপদ আবাসন কেন্দ্র থেকে তাকে রামগড়ে আনা হয়। সেখানেই প্রায় ৯ বছর ছিলেন তিনি।
রমুজা আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাদমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের কবির আহাম্মদ ও জাহানারা বেগমের মেয়ে। ২০১৭ সালে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
জাহানারা বেগম জানান, ২০০৭ সালে পাশের রামগড় থানার বালুখালী গ্রামের মনসুর আলী চকিদারের সঙ্গে রমুজার বিয়ে দেন তিনি। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অভাব-অনটন ও পারিবারিক অশান্তির মধ্যে ২০১৭ সালে হঠাৎ নিখোঁজ হন রমুজা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মেলেনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ বাদী হয়ে রমুজার নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে। সম্প্রতি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আঙুলের ছাপ শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে রমুজার পরিচয় শনাক্ত হয়। এরপর তার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় রাজশাহী থেকে তাকে রামগড় থানায় আনা হয়। পরে আনুষ্ঠানিকভাবে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এলাকার জনপ্রতিনিধি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘ ৯ বছর পর মা-মেয়ের পুনর্মিলন দেখে সবাই খুশি হয়েছেন। এত দিন সেফহোমে পরিবার-পরিজন ছাড়া থাকায় রমুজা অনেকটা বাকপ্রতিবন্ধীর মতো হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।