Image description

বারবার সতর্ক করা এবং সংশোধনের সুযোগ দেওয়ার পরও পার্কিং ব্যবস্থাপনায় উন্নতি না হওয়ায় চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট ভবন মালিককে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সিডিএর অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে এ জরিমানা করা হয়।

সিডিএ সূত্রে জানা গেছে, নগরীর মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপুল পর্যন্ত হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। এ কার্যক্রমের আওতায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পার্কিং ব্যবস্থাপনা পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশনা দেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে গত ৬ আগস্ট ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দিয়েছিল সিডিএ। তবে দুই মাসের বেশি সময় পার হলেও সেখানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পরে গত ১৩ অক্টোবর প্রতিষ্ঠানটি পুনরায় পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় পার্কিং পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এর ধারাবাহিকতায় সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট ভবন মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অভিযানে সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘আমি পিছু হটার লোক নই। আইন সবাইকে মানতে হবে। প্রধানমন্ত্রী আমাকে নান্দনিক চট্টগ্রাম গড়ার দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন যানজটের দুর্ভোগে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। বারবার সতর্ক করার পরও যারা প্রয়োজনীয় সংশোধন করবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং সমস্যা সমাধানে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে সিডিএ। সভায় হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থাপনার উন্নয়ন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।