ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়া মসজিদে নামাজ আদায়ের পর বের হয়ে প্রচারণার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ১১ দলীয় প্রার্থী।
এই অভিযোগকে ভিত্তিহীন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
দেলাওয়ার হোসেন বলেন, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে নির্বাচনি গণসংযোগের কর্মসূচি ছিল। এশার নামাজ আদায় শেষে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে শান্তিপূর্ণ গণসংযোগে বাঁধা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আসন্ন উপনির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি। সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। প্রশাসন নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।’
এদিকে একই দিনে এক উঠান বৈঠকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, ‘একটি নির্দিষ্ট দল নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। আমাদের দলের একজন কর্মীও কারও নির্বাচনি প্রচারণায় বাধা দিয়েছে—এমন নজির কেউ দেখাতে পারবে না।’
তিনি বলেন, ‘একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তাই আমি এলাকার সচেতন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, কেউ যেন নির্বাচনকে বিতর্কিত করতে না পারে।’