Image description

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বাজারের ব্যবসায়ীরা। অবরোধের প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিডস্টোর বাজারের অনেক ব্যবসায়ী চাঁদাবাজিতে অতিষ্ঠ। এরই মধ্যে বাজার এলাকায় কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষি দেওয়ার ঘটনা ঘটে। এর জেরে ব্যবসায়ীরা মহাসড়কে নেমে অবরোধ করেন। এ সময় বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এদিকে এদিন সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দূরপাল্লার গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন একই স্থানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।