Image description

পদত্যাগপত্র জমা বা প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা না দিলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শরিফুল আলমকে ভিসি ভবনে অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েমকে স্বপদে ফেরানোর একদফা দাবিতে অনড় তারা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মোর্শেদ রাতুল।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, পদত্যাগের লিখিত পত্র অথবা প্রকাশ্যে ঘোষণার বিনিময়েই কেবল ভবনটির তালা খুলে দেওয়া হবে। এ ছাড়া উপাচার্য ও তাঁর সহযোগীদের ক্যাম্পাস ছাড়ার সুযোগ নেই।

শিক্ষার্থীরা জানান, তাঁরা সংঘাত বা মানবাধিকার লঙ্ঘনের পক্ষে নন। কাউকে কষ্ট দেওয়াও তাঁদের উদ্দেশ্য নয়। পরে যেন শিক্ষার্থীদের নামে কোনো অপপ্রচার চালানো না হয়, সেজন্য গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপাচার্যকে নিরাপদে বের হয়ে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া হচ্ছে।

এই প্রস্তাব ফিরিয়ে দিলে এর পরিণতি তাঁকেই ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, সুযোগ দেওয়ার পরও পদত্যাগ না করলে এটিই প্রমাণিত হবে যে, উপাচার্য নিজ ইচ্ছায় অবরুদ্ধ থাকতে চেয়েছেন। ফলে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় তাঁকেই নিতে হবে।