আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার। তাদের মধ্যে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি।
শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৭৮৫ জন বাসস্থান আইন, ৩ হাজার ৭১০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া যথাযথ প্রক্রিয়া সম্পন্নের পর ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপীয়, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সুবিধা দেয়, যাতায়াতের ব্যবস্থা করে কিংবা আশ্রয়সহ অন্য কোনো সহায়তা বা পরিষেবা প্রদান করে, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।