Image description

গাজীপুরের শ্রীপুরের কর্নপুর এলাকায় ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ’ নামের একটি বিকাশ এজেন্টের ভাড়া করা প্রাইভেটকারে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিকাশের এরিয়া ম্যানেজার ফরহাদ জানান, তারা তিনটি ব্যাগে ৪ কোটি টাকা নিয়ে নরসিংদী থেকে শ্রীপুরে আসছিলেন। কর্নপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেল এসে তাদের বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে। পরে গাড়ির গ্লাস ভেঙে হিসাবরক্ষণ ব্যবস্থাপক (অ্যাকাউন্টস ম্যানেজার) হিমেলকে গুলি করে টাকাভর্তি দুটি ব্যাগ নিয়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন।

 

গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে কয়েকজন আহত রোগী হাসপাতালে আসেন। এ সময় হিমেল নামের একজনের পেটের ডান পাশে ছিদ্র ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর শুনে তিনি হাসপাতালে এসেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।