Image description

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোকে ‘ইসলামপন্থী অনুপ্রবেশ ও মুসলিম ব্রাদারহুডের নেটওয়ার্ক’ মোকাবিলায় যৌথ কৌশল তৈরির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্ট। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে পার্লামেন্ট।

ইউরোপীয় পিপলস পার্টির (ইপিপি) উত্থাপিত প্রস্তাবটি উগ্র ডানপন্থী ও রক্ষণশীল গোষ্ঠীগুলোর পাশাপাশি কয়েকজন উদারপন্থী আইনপ্রণেতার সমর্থন পেয়েছে। শুরু থেকেই বামপন্থী গোষ্ঠীগুলো এর বিরোধিতা করে এবং বিপক্ষে ভোট দেয়।

প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৩৮১টি, বিপক্ষে ১৬৭টি। ভোটদানে বিরত ছিলেন ১৫ জন।

প্রস্তাবে ইউরোপীয় পার্লামেন্ট ‘ইইউর সদস্যদেশগুলোর গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার লক্ষ্যে পরিচালিত ইসলামপন্থী অনুপ্রবেশ কৌশলের’ নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠিত নাগরিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালানো নেটওয়ার্কগুলোকে বৈধতা দেওয়ার বিরোধিতাও করেছে পার্লামেন্ট।

ইইউর সদস্যদেশগুলোকে ইসলামপন্থী অনুপ্রবেশের লক্ষণ শনাক্ত করার পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক বক্তব্যে দ্বৈত বার্তা ব্যবহারের প্রবণতা চিহ্নিত করতে একটি অভিন্ন ইউরোপীয় কৌশল তৈরির আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

একই সঙ্গে গণতন্ত্র ও বিবেকের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া মুসলিম বুদ্ধিজীবী ও অধিকারকর্মীদের সমর্থন দেওয়ারও আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে।

এ ছাড়া মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে পার্লামেন্ট।

সূত্র: আল আরাবিয়া