রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিরসনের উপায় খুঁজতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং রাজধানীর বিদ্যমান পরিবহন বিশৃঙ্খলা দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং রাজধানীর গণপরিবহনে বিদ্যমান বিশৃঙ্খলা কীভাবে দূর করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
রাজধানীর গণপরিবহনের বিশৃঙ্খল অবস্থা, যানজটসহ বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা এবং সড়কে কার্যকর শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।