Image description

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ১ ও ৩ নম্বর ইউনিট চালু করতে কাজ করছেন চীনা প্রকৌশলীরা। তবে ইউনিট দুটি ঠিক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ।

 

অন্যদিকে ২০২০ সাল থেকে সংস্কারকাজের জন্য বন্ধ থাকা ২ নম্বর ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

 

জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ওভারহোলিংয়ের (সংস্কার) কাজ চলায় ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে। আর চালু থাকা প্রথম ইউনিটটি গত সোমবার ভোর পৌনে ৬টায় এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার ভোর ৫টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।

 

তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০-১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৩৪০০ টন কয়লার প্রয়োজন হতো।

 

একসঙ্গে দুটি চালু ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পুরো উত্তরাঞ্চলে চরম লোডশেডিং দেখা দিয়েছে।

 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিট সচল করতে চীনা প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। তবে ঠিক কত দিনের মধ্যে ইউনিট দুটি বিদ্যুৎ উৎপাদনে ফিরবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে সংস্কারকাজের জন্য বন্ধ থাকা ২ নম্বর ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা সম্ভব হতে পারে।