Image description

বগুড়ায় একটি জুয়েলারি দোকানে জাল টাকা দিয়ে সোনার চেন নিয়ে উধাও দিয়েছেন এক প্রতারক। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

 

দোকানের মালিক এম এ বারী বলেন, বেলা দুইটার দিকে এক ব্যক্তি দোকানে এসে সোনার গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি একটি সোনার চেইন দেখতে চান। চেইনটির ওজন আট আনা তিন রতি। এর বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।

 

এম এ বারী বলেন, চেনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল দেন। টাকা গোনার সময় তিনি বলেন, ‘আবার আসছি’। এরপর টাকার বান্ডিলের বাক্সটি দোকানে রেখে শুধু সোনার চেনটি নিয়ে কৌশলে চলে যান। পরে টাকাগুলো পরীক্ষা করে জাল বলে জানা যায়। বান্ডিলে মোট ১ লাখ ১১ হাজার টাকার নোট ছিল।

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার ভাষ্য, একজন প্রতারক জাল টাকার নোট দিয়ে সোনার চেন নিয়ে পালিয়ে গেছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।