Image description

নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মো. সৈয়দ ইসলাম (৬০) নামের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

সোমবার (৫ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের চর বাঙ্গালপাড়া জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত মুয়াজ্জিন চর বাঙ্গালপাড়া গ্রামের মৃত শাহাদ হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, ভোরে মসজিদে ফজরের আজান দেওয়া শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালেই হঠাৎ তা বন্ধ হয়ে গেলে আশপাশের বাসিন্দারা সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুয়াজ্জিন। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত মুয়াজ্জিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।