সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের আগে মেজর (অব.) আখতারুজ্জামান ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেছেন, ‘ডিবি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। সবাইকে বিষয়টি জানিয়ে রাখলাম। দোয়া করবেন, দেশের মানুষ-জনগণ ও প্রবাসীর জন্য যেন শহীদ হতে পারি, আল্লাহ যেন আমার সেই আহ্বান কবুল করেন।’
তিনি আরও বলেন, জনগণের অধিকারে-সংগ্রামে আমি আছি, থাকব। যতদিন বেঁচে আছি, জনগণের জন্য সংগ্রাম করব।’
এর আগে আজ শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন। একই দিন বিকালে মামলার এজাহার আদালতে এলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা গ্রহণ করেন।
বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক।