নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা তিন বোনের চলাচলের পথ খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যস্থতায় বৃহস্পতিবার এ বিরোধের সমাধান হয়।
এতে দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ ফিরে পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী এক নারীসহ তিন বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি পরিবারে কামাল হোসেনের সঙ্গে তার তিন বোন আসমা, মুনিরা ও এক শারীরিক প্রতিবন্ধী বোনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে কামাল হোসেন বোনদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেন। এতে নিজেদের ভিটামাটিতেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তিন বোন।
চলাচলের পথ বন্ধ থাকায় আসমা ও মুনিরাকে অন্যের জায়গা দিয়ে মই ব্যবহার করে বাড়িতে ওঠানামা করতে হতো। শারীরিক প্রতিবন্ধী বোনটি বাড়ির ভেতরেই অনেকটা অবরুদ্ধ অবস্থায় থাকতেন। স্থানীয়ভাবে একাধিকবার দেন-দরবার করেও সমস্যাটির সমাধান হয়নি।
সম্প্রতি বিষয়টি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের নজরে আসে। তিনি দ্রুত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তারা কামাল হোসেনের সঙ্গে আলোচনায় বসেন এবং পারিবারিক বিরোধের বিষয়টি তুলে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে বোনদের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া পথটি খুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর চলাচলের পথ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী তিন বোন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।
মধ্যস্থতাকারী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের ভাষ্য, সংসদ সদস্যের সুস্পষ্ট নির্দেশনা ছিল কোনো জটিলতা তৈরি না করে আপসের মাধ্যমে অসহায় পরিবারটির চলাচলের পথ ফিরিয়ে দেওয়া। সেই নির্দেশনা অনুযায়ী আলোচনা করে দীর্ঘদিনের সমস্যাটির সমাধান করা হয়েছে।