Image description
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইতিহাস বিষয়ে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন। তবে আজ বুধবার( ৩০ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত নিয়োগ গেজেটে বাদ পড়েছেন তিনি।
 
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত বছরের নভেম্বরে পিএসসি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই তালিকায় ইতিহাস বিষয়ে প্রথম হন সোহেল রানা।
 
গেজেটে নাম না আসার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ক্ষোভ জানান এই ঢাবি শিক্ষার্থী। সেখানে তিনি লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।’
 
এ বিষয়ে স্টার নিউজকে সোহেল রানা বলেন, ‘ইতিহাসে মেধা তালিকায় আমার প্রথম স্থান ছিল। আমাকে গেজেট থেকে বঞ্চিত কেন করা হলো? জানি না।’
 
তিনি জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) নেই। ছাত্র রাজনীতি বা আওয়ামী লীগের সঙ্গে তার এবং পরিবারের কোনো সম্পৃক্ততা ছিল না। তার পরিবারের বা শিক্ষাজীবনের কোথাও ছাত্রলীগের সঙ্গে সম্পর্কের প্রমাণ কেউ দেখাতে পারবে না। কেন তার নাম বাদ পড়ল, সে বিষয়ে তিনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
 
সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেন ও গৃহিণী সাহিদা বেগম-এর চতুর্থ সন্তান।
 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সিজিপিএ ৩.৫৪ পেয়ে স্নাতক এবং ২০২১ সালে একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৫৬ পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
 
এর আগে, তিনি ২০১৪ সালে ডোমার সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১৬ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে জিপিএ-৪.৯২ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।