নেত্রকোনার বারহাট্টায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চ ও ল্যাব ভাঙচুরের মামলায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়
আটককৃতরা হলেন, চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে আল আমিন (৫২) এবং আসমা ইউনিয়নের মৃত আমজদ খাঁর ছেলে আব্দুল আজিজ (৭০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের আটক করা হয়। পরে তদন্তের ভিত্তিতে ওই দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় ল্যাব ভাঙচুরের মামলায় আল আমিনকে এবং ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের মামলায় আব্দুল আজিজকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল চেয়ারম্যানের ভাই। অপরদিকে আব্দুল আজিজ বারহাট্টা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের বাবা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, তাদের দুজনকে গত রাতে আটক করা হয়েছে। পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।