কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠান থেকে গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রোকন আহমেদ জয় (২৬)। তিনি ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোকন আহমেদ জয় প্রবাসে শ্রমিকের কাজ করতেন। সেখানে প্রায় দুই বছর অবস্থানের পর এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি। সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।