Image description
রোববার সংবিধান সংশোধন সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটি মতবিনিময় করে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে। পরে এ নিয়ে কথা বলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি সই করার আগেই কিছু বিষয়ে আবারও গণভোটের প্রয়োজন হবে। সংবিধানের প্রস্তাবনা, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদসহ কিছু জায়গায় কোনো পরিবর্তন আনতে চাইলে দিতে হবে গণভোট।
 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে আর্টিকেলগুলোতে চেঞ্জ আসলে গণভোট হওয়ার কথা সেটা গণভোট হবে। রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে।
 
আগের গণভোটের রায় কেন বাতিল হবে, সেই প্রশ্ন তুলেছে এনসিপি। নতুন করে যে গণভোটের কথা বলা হচ্ছে, সেটিও একচেটিয়া দলীয় কর্মসূচি বলে অভিযোগ দলটির নেতাদের।
 
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, পুরো প্রক্রিয়াটিকে আমরা অবৈধ এবং অসাংবিধানিক প্রক্রিয়া মনে করি। কারণ গণভোটের মাধ্যমে যে রায়টি প্রতিষ্ঠিত হয়েছে জনগণ তার গণ অভিপ্রায় জানিয়েছে। এখন সংস্কার করে সেটাকে সাংবিধানিকীকরণ করা কিংবা আইনি ভিত্তি দেয়া এটাই ছিল কাজ। তো আগের গণভোটটা বাতিল করা হলো কেন? মানে কি যুক্তিতে?
 
ফলে তাদের এইগুলো হচ্ছে এখন এককভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে নেয়া সিদ্ধান্ত। এগুলোর গণভিত্তি আছে বলে আমরা মনে করি না। কিন্তু এখন যে প্রক্রিয়ায় তারা যাচ্ছে এটাকে আমরা একচেটিয়া বা দলীয় একটা কর্মসূচি হিসেবেই দেখছি।
 
আর জামায়াত বিষয়টিকে দেখছে দ্বিচারিতা হিসেবে। আগের গণভোটের রায় বাস্তবায়নের দাবি তাদের।
 
জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এটা হলো সংবিধানে ইনক্লুডেড ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী গণভোট। সংবিধানের কিছু প্রস্তাবনা, কিছু অনুচ্ছেদ এবং কিছু চ্যাপ্টারে পরিবর্তন আনতে গেলে গণভোট ছাড়া পরিবর্তন করা যাবে না। এটি হলো একটা তরিকা। আর গণভোট যেটা আয়োজন করা হয়েছিল ৫ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে। এটি ছিল জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের আলোকে। আর আগের গণভোটের প্রশ্ন কি ছিল? কতিপয় সংস্কারের কথা বলে করা হয়েছিল। এ ব্যাপারে আপনি একমত কিনা?মানুষ হ্যাঁ বলেছে। এটা না মেনে যা হচ্ছে, এটা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের প্রতি অনেকটা উপহাস করা হচ্ছে। এটা করা উচিত না। তাহলে গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দল থেকে ৫ জন প্রতিনিধি চাওয়া হলেও নাম না দিয়ে ওই কমিটি প্রত্যাখ্যান করেছে তারা।