Image description
 
 

রাজধানীর একটি হাসপাতালে দিনদুপুরে হামলা ও বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি অভিযোগ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। প্রতিদিন নিয়ন্ত্রণ হারাচ্ছেন।’

ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক অঙ্গনে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করছেন, তখন তার দলের লোকেরা দেশে দিনেদুপুরে ‘ইসরাইলি স্টাইলে’ হাসপাতালে হামলা ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত বিব্রতকর ও বদনামের বিষয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই যে কাজগুলো, আওয়ামীপনা। আর এই আওয়ামীপনার বিরুদ্ধেই তো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হয়েছে, এটা ভুলে যাবেন না।’

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে তৎপরতা দেখা গেছে, হাসপাতালের ঘটনায় জড়িত বিএনপি দলীয় ব্যক্তিদের ক্ষেত্রে সেই কঠোর পদক্ষেপ কোথায়?

এবি পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, একই সময়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতেও বুলডোজার চালানো হয়েছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বাড়াবাড়ির কারণে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। আশি ও নব্বইয়ের দশকের মাস্তানি রাজনীতি এ দেশে আর চলবে না উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

সবশেষে তিনি রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।