Image description
 
 

দিল্লিতে পলাতক শেখ হাসিনার বক্তব্য এবং দেশে লংমার্চ করে ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার’ হুমকির মধ্যে এক গভীর গোপন সংযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। তিনি বলেছেন, ১৭ বছর রাজপথে তাজা রক্ত দিয়ে তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে, সেই গণতন্ত্রের ক্ষততে এখন কিছু পরাজিত ‘মাছি’ ভনভন করছে। দিল্লি বসে ক্ষমতাচ্যুত স্বৈরাচার হুংকার দিচ্ছে আর দেশে অন্য একটি দল লংমার্চ করে ডিসেম্বরের হুমকি দিচ্ছে। উভয়ের এই দ্বৈত ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে।

শুক্রবার বিকেলে খুলনা জাতিসংঘ পার্কের সামনে থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হওয়া জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তীব্র ভাষায় আক্রমণ করে আজিজুল বারী হেলাল দলটির অতীত ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ইতিহাস বলে, আপনারা বারবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

খুলনা জেলা যুবদলের সভাপতি নাজিমুজ্জামান জনির সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রি, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও ছাত্রদলের সদস্যসচিব খান ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফরসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।