Image description

বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিলে শাহরিয়ার খন্দকার আলিফকে সভাপতি ও তৈয়ব ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় দুই দিনব্যাপী এই কাউন্সিলের সমাপনী দিনে আজ বৃহস্পতিবার নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোমা ডুমরী। সহসভাপতি জশদ জাকির, সহসাধারণ সম্পাদক সরফরাজ সানোয়ার, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক শাহ্ সম্পূর্ণ এবং প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নাজমুস্ সাকিব। এ ছাড়া একটি সহসভাপতি ও একটি সদস্যপদ ফাঁকা রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন রাজু আহমেদ, মিঠুন রায়, ইসরাত জাহান ইমু, হোসাইন আকাশ, সুমন রহমান ও মাহমুদুল হাসান সাইফ। নবনির্বাচিত কমিটিকে শপথ পড়ান বিদায়ী সভাপতি দিলীপ রায়।

এর আগে ‘শিক্ষা, কর্মসংস্থান ও সাম্রাজ্যবাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ হও; সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশীয় দালালদের উৎখাত করো’ স্লোগানে গতকাল বুধবার দুপুরে কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রবীণ কমিউনিস্ট নেতা ও বীর মুক্তিযোদ্ধা রণজিৎ চট্টোপাধ্যায়।

বিদায়ী সভাপতি দিলীপ রায়ের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, ছাত্র মৈত্রীর নতুন সাধারণ সম্পাদক তৈয়ব ইসলাম, ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের সংগঠক সঞ্জিত প্রসাদ জিতু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হেমা চাকমা।

উদ্বোধনী সমাবেশ শেষে গতকাল একটি বর্ণাঢ্য মিছিল বটতলা থেকে শুরু হয়ে টিএসসি ও ক্যাম্পাস ঘুরে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর কাউন্সিল অধিবেশনে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং কেন্দ্রীয় ও শাখাগুলোর রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।