Image description

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। তবে রবিউল নিজেকে নির্দোষ দাবি করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান।

এদিন ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, আমি অনেকবার বাংলাদেশে এসেছি। এখানে প্রচুর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব আছে। আমি ব্যবসার সঙ্গে জড়িত। এবার অপ্রয়োজনীয় ঝামেলায় পড়েছি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে- র এর এজেন্ট কি না। আমি বলেছি এসবের সঙ্গে যুক্ত না।

এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের উপ-পরিদর্শক বিনয় কুমার রায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

 

আবেদনে তিনি উল্লেখ করেন, আসামিকে উত্তরা পশ্চিম থানা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তিনি একজন ভারতীয় নাগরিক এবং ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার গতিবিধি সন্দেহজনক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট দেখান। নিজেকে ভারতীয় নাগরিক বলে জানালেও তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি যাচাই করে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের কোনো মিল নেই।

 

তিনি ইতোপূর্বে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও বাংলাদেশে আসা-যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উপস্থাপন করতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্য দেন। ধারণা করা হচ্ছে আসামি বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক অপরাধের সঙ্গে জড়িত।

সম্প্রতি ঢাকা শহরসহ সারা দেশে নাশকতা মূলক কার্যক্রমে তার সম্পৃক্ততা থাকতে পারে মর্মে সন্দেহ করা হচ্ছে। তাকে আপাতত ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মতে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।