একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে রোববার (২০ সেপ্টেম্বর), যা চলবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত। ভর্তিতে নীতিমালার বাইরে ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
নীতিমালার তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভর্তিতে শিক্ষাবোর্ড অনুমোদিত ‘ফি’র অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। সব ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে অভিযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানায়, বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচের তালিকা স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।
নীতিমালায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা তার অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য অজুহাতে শিক্ষার্থীর অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না।
এমন কোনো অভিযোগ পাওয়া গেলে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।