গেট তালাবদ্ধ, গেটের তালা দেখে মনে হয় বহুদিন আগের লাগানো। ধরেছে জং। গেট বন্ধ থাকলেও ভেতরে গল্পগুজবে ব্যস্ত কয়েকজন মাঠকর্মী। অথচ এই সময়ে তাদের মাঠে থাকার কথা।
এ ঘটনায় গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান। গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করেও প্রবেশ করতে না পেরে পাশের কাঁটাতারের বেড়া সরিয়ে পেছনের অংশ দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।
পরিদর্শনের সময় স্বাস্থ্যকেন্দ্রের গেটে লাগানো তালায় দীর্ঘদিন ধরে জং ধরে থাকার বিষয়টি নজরে আসে এমপির। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানান এবং দ্রুত স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার কথা বলেন।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, গেটে লাগানো তালা দেখে মনে হয়েছে এটি বহুদিন ধরে খোলা হয়নি। তালায় জং ধরে গেছে। প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে নানা ধরনের অসুবিধায় পড়তে হয়। তাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে দ্রুত চিকিৎসাসেবা স্বাভাবিক করা প্রয়োজন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ দাবি করেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো কর্মীই কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করছিলেন। হঠাৎ করে এমপি সেখানে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।