এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে ঢাকায় কোচিং করছিলেন ২০ বছর বয়সী শাকিবুল ইসলাম তন্ময়। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা গেছেন তিনি। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শাকিবুল ইসলাম তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট এলাকার বাসিন্দা।
তার বাবা তারিকুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তন্ময়। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ঢাকায় যান তিনি।
ঢাকায় থাকাকালে ডেঙ্গুতে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতে ফিরে আসেন তন্ময়।
পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে রাজশাহী নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় দুপুর আড়াইটার দিকে তন্ময়ের মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও বন্ধুবান্ধবের মধ্যে শোক নেমে আসে।
মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায়ও বিষাদের আবহ তৈরি হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে তন্ময়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওই কবরস্থানেই তাকে দাফন করা হয়।
চিকিৎসকদের মতে, ডেঙ্গুকে সাধারণ জ্বর ভেবে অবহেলা করা উচিত নয়। জ্বরের সঙ্গে শরীরব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শীর্ষনিউজ