লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে অবস্থান নেন নিলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গরুটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাদের দাবি, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ভোলাকোট ইউনিয়নের পাশের নলচরা গ্রাম থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। পরে গরুটির মালিকের স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি যাওয়া গরুটি পাওয়া গেছে—এমন খবর ছড়িয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হওয়ার পর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গরুটি নিজেদের হেফাজতে নেয়।
তবে চুরি যাওয়া গরুটি কীভাবে দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম মজুমদার বলেছেন, ‘গরুটি কীভাবে তার গোয়ালঘরে এসেছে, এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, সেটি তদন্তের বিষয়। দলের নিয়মনীতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গরুটি কীভাবে ওই গোয়ালঘরে গেল এবং এর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’