Image description

প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে করার কথা বলে তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন জীবন। কিন্তু পরিবারের চাপে বাড়ি থেকে পালাতে বাধ্য হন তিনি। এরপর ছয়দিন ধরে বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান করছেন তরুণী। 

এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা-তারাটিয়া এলাকায় এ বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানিয়েছেন, দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের এক তরুণীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক। বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল। তাদের বিয়ে নিয়ে কয়েক দফা আলোচনা ও সালিশ হলেও জীবনের পরিবার এতে রাজি হয়নি। মঙ্গলবার বিক্ষোভ করে তাদের বিয়ে দিয়ে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন তারা।

ওই তরুণীর বড় বোন জানালেন, গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে তার বোনকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের চাপে জীবন তার বাড়ি থেকে চলে গেছেন। এরপর জীবনের পরিবারের লোকজন তার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং শারীরিকভাবে নির্যাতন করে।’

তিনি বললেন, ‘আমার বোন এতদিন ধরে ওই বাড়িতে বসে আছে। সে শুধু বিয়ে করে সংসার করতে চায়। কয়েক দফা সালিশ করেও কোনো সমাধান হয়নি।’

বিক্ষোভে অংশ নেওয়া রাহিম বললেন, ‘কয়েক দিন ধরে মেয়েটি জীবনের বাড়িতে অবস্থান করছেন। তাকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।’

আরেক বিক্ষোভকারী সাব্বির বলেছেন, ‘এ ঘটনা নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি। আমরা চাই, বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধান হোক।’

দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেছেন, ‘এখন পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। তাদের আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’